সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুরে প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। উভয় পক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি জানাচ্ছিল। এর মধ্যে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একদল লোক পুকুরে মাছ ধরতে যায়। তখন প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে তাকে বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।