মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে দখলদারের ছোঁড়া ঢিলে আহত হয়েছে এক নারী পুলিশ সদস্য। একটি সরকারি গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক জানান, আজ সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় কমলগঞ্জের সহকারী কমিশনার নাসরিন চৌধুরীর নেতৃত্বে সরকারি জমি উদ্ধার অভিযান পরিচালিত হয়। এসময় জমির দখলদার সুন্দর মিয়ার স্ত্রী জয়বান বিবির সঙ্গে কথাকাটি হয়। এক পর্যায়ে জয়বান বিবিসহ কয়েকজন ঢিল ছোঁড়েন। এসময় পুলিশ সদস্য সেলিনা আক্তারের মাথায় ইটের আঘাত লেগে মারাত্মক জখম হন। তাকে প্রথমে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউএনও।