পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে আশিকুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে অভিযোগ পরিবারের।
আশিকুর রহমানের বাবা সিরাজুল ইসলাম জানান, আশিক ও তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তারা একইসঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকেন। আশিক কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে না। অবিলম্বে ছেলেকে ফেরত চান তিনি।
আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে একই বাসাতে থাকেন ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহসিন। তিনি জানান, ডিবি পুলিশ পরিচয়ে আশিককে নিয়ে যাওয়ার সময় তিনি কারণ জানতে চেয়েছিলেন। উত্তরে তাকে বলা হয়, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হবে।
এদিকে আশিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা রাজধানীর লালবাগ থানায় যোগাযোগ করে। সেখানে কোনো খোঁজ না পেয়ে শিক্ষকরাসহ ডিবির প্রধান কার্যালয়ে যোগাযোগ করে শিক্ষাথীরা। এ তথ্য নিশ্চিত করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। তিনি বলেন, আশিককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে কিনা জানতে আমরা ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। সেখান থেকে স্পষ্ট কিছুই বলা হয়নি।
এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, আশিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হয়নি। অন্য কোনো ইউনিট নিয়ে গেছে কিনা, সেটিও তারা জানেন না।
ঢাকা বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ ব্যাপারে বলেন, কেউ অভিযোগ না করলেও আমরা ইতিমধ্যে বিষয়টি জানতে পেরেছি। বিভাগের সঙ্গে যোগাযোগ করে আশিকের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আশিকুরের দ্রুত মুক্তি চেয়ে আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।










