রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে ধর্মঘট পালন করা হবে। ৮ জানুয়ারি সারাদিনব্যাপী কর্মবিরতি পালন করা হবে বলেও ঘোষণা দেন তারা।

মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, আমাদের অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে, এটা ভাবিনি। প্রশাসন নিজেদের স্বার্থে আমাদের যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি অভিযোগ করে আরো বলেন, ভিসি ও প্রো-ভিসিরা কোটা সুবিধা নিয়ে পদে বসেছেন। অথচ কর্মচারীদের অধিকার ফিরিয়ে দিচ্ছেন না।

অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা প্রশাসনের সমালোচনা করে বলেন, আমরা কাজ করতে এসেছি, আটকে থাকতে নয়। যারা আমাদের গালাগালি করেছে, তাদের তদন্ত চাই।

সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন জানান, দাবি না মানা হলে আন্দোলন আরো কঠোর করা হবে।

উল্লেখ্য, পোষ্য কোটা বাতিলের দাবিতে এক মাস ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের চাপে রাবি প্রশাসন শুরুতে শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানের কোটা বাতিল করে কর্মচারীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়। কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে পুরো পোষ্য কোটা বাতিল করা হয়।