১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় মৌলভীবাজার জেলা। এ দিনে মৌলভীবাজারের শেরপুর ও শমসেরনগরে সম্মুখযুদ্ধসহ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণের মুখে পাকবাহিনী মৌলভীবাজার থেকে পিছু হটে।

৫ ডিসেম্বর কমলগঞ্জ ও জুড়ি উপজেলা এবং ৬ ডিসেম্বর রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলাকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী তিনদিক থেকে আক্রমণের জন্য মৌলভীবাজার শহরের দিকে অগ্রসর হয়। ৬ ডিসেম্বর বর্ষিজোড়া, সালামীটিলা ও শমসেরনগর সড়ক এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে পাকসেনাদের যুদ্ধ হয়। হানাদার বাহিনী পর্যুদস্ত হয়ে ৭ ডিসেম্বর সিলেটের দিকে পালিয়ে যায় এবং মুক্তিযোদ্ধাদের দখলে আসে মৌলভীবাজার।