খাস পুকুর দখল করাকে কেন্দ্র করে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মোখলেছুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামের ছয়মুদ্দির ছেলে।
পুলিশ জানায়, ঈশ্বরপাড়া গ্রামের পূর্বপাড়ার সাহাবুল ইসলাম ছাপু ও পশ্চিমপাড়ার বাদশা আলম গ্রুপের মধ্যে ওই গ্রামের সরকারি একটি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়। সরকারি ওই পুকুর দখল করা নিয়ে সকালে প্রতিপক্ষ বাদশা গ্রুপের লোকজন গতকাল ধারাল অস্ত্র নিয়ে ছাপু গ্রুপের ওপর হামলা চালায়। এতে মোখলেছুর রহমান গুরুতর জখম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় মোখলেছকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।










