গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভকামনা জানান।
তারেক রহমান লেখেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি। সমাজে গড়ে উঠুক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। ঈদ মোবারক।’
দেশের বর্তমান বাস্তবতা তুলে ধরে বার্তায় তিনি বলেন, ‘চলমান অর্থনৈতিক সংকটে অনেকের পক্ষেই ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হয়ে পড়েছে। লাগামহীন মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের উচ্চমূল্য, আর পানি, গ্যাস ও বিদ্যুতের সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষজন চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন।’
তিনি বলেন, ‘ঈদের খুশির দিনে যেন কেউ অভুক্ত না থাকে, সেদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সবার মাঝে ভাগ করে নিতে হবে।’
শুভেচ্ছা বার্তায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘দেশের জনগণ দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী চক্রের পতনের মধ্য দিয়ে দেশে নতুন করে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। এবারের ঈদ মানুষ তুলনামূলক স্বস্তির পরিবেশে পালন করতে পারছে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদী যুগে অপশক্তির ক্ষমতালিপ্সা রাষ্ট্র ও সমাজে চরম মূল্যবোধের অবক্ষয় ডেকে আনে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে শান্তি, সম্প্রীতি ও নৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। যেন আর কখনো দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের মতো ভয়াবহ চিত্র ফিরে না আসে।’










