ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থীরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩টি পোস্টাল কেন্দ্র ও ৫১৫টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে এ বেসরকারি ফলাফল প্রকাশ করেন।
ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ-১ (ঘিওর-শিবালয়-দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মো. তোজাম্মেল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে ৭১ হাজার ৩১০ ভোট পেয়েছেন। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ২৫২টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৪ হাজার ৩৬৬টি।
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) আসনে ১৮৬টি কেন্দ্রে বিএনপির মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট। এই আসনে ভোটাররা ১ লাখ ৮৭ হাজার ৬২৬টি ‘হ্যাঁ’ ভোট এবং ৫৫ হাজার ৭৪০টি ‘না’ ভোট দিয়েছেন।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে ১৫২টি কেন্দ্রে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৫৫১ ভোট। এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৫৯৫টি।














