ভ্যাট আরো বাড়ালে ক্রেতারা ফরমাল বাজার থেকে খুচরা বাজারে চলে যাবে বলে মন্তব্য করেছেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির। আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি।
‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।
সাব্বির হাসান নাসির বলেন, খুচরা বাজারে কোনো ভ্যাট নাই। কিন্তু আমাদের ৫ থেকে এখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে। তাহলে ক্রেতারা খুচরা বাজারে চলে যাবে। এভাবে প্রাতিষ্ঠানিক ব্যবসাকে নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা লুটেপুটে খাওয়ার জন্য ব্যবসাতে আসি নাই। ভোক্তাদের নিয়ে আমাদের চিন্তা আছে। শুধু মিলাররা দাম বাড়ায় না। চালের দাম ৩৪ শতাংশ বাড়লেও মিল গেটে বেড়েছে ২০ শতাংশ। বাকিটা করা বাড়িয়েছে? কৃষকরাও মজুদ করে থাকে।










