মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় এমনটা জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, সরকার কর্তৃক মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নম্বরপ্লেট তৈরি করে লাগাতে হবে। স্কুটারের নম্বরপ্লেটের মাপ হতে হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার এবং মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার। প্লেটে লেখা বাংলা অক্ষর ও সংখ্যা অন্তত ২০ মিলিমিটার আকারের হতে হবে।

নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। কোনো ধরনের নকশা বা সাজসজ্জা করা যাবে না।