খুলনায় মুক্তিপণের দাবিতে অপহরণের ৫৮ ঘণ্টা পর কলেজছাত্র আমিনুর রহমানের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জেলার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার এলাকার কপোতাক্ষ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, ভাটার সময় কপোতাক্ষ নদে স্থানীয়রা আমিনুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। তিনি জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি ফয়সাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসি বলেন, ৭ নভেম্বর পাইকগাছা উপজেলার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও স্থানীয় কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আমিনুর রহমানকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে পার্শ্ববর্তী গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে ফয়সাল (২২)। এরপর রাত ১০টার দিকে তার বাবা ছুরমান গাজীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। মুক্তিপণের টাকা পাইকগাছা ব্রিজের নিচে রাখতে বলা হলে ঘটনাটি তিনি পুলিশকে অবহিত করেন। পরে অপহূত আমিনুরের বাবা ছুরমান গাজী অপহরণকারীর কথামতো কিছু টাকা নির্দিষ্ট স্থানে রেখে আসেন। নির্দিষ্ট সময়ে অপহরণকারী ফয়সাল টাকা নিয়ে ফেরার সময় পুলিশ তাকে মুক্তিপণের টাকাসহ আটক করে।