প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তবে বৈঠকে নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে জানান সিইসি। তবে সম্ভাব্য কোনো তারিখ নিয়ে আলাপ হয়নি বলেও জানান তিনি।
অসুস্থতা কাটিয়ে আজ নিজ কার্যালয়ে এসেছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর চিকিৎসার জন্য ভর্তি হন রাজধানীর সিএমএইচ হাসপাতালে। গত কয়েকদিন হাসপাতালে ছিলেন। সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর আজ মঙ্গলবার (১ জুলাই) কমিশনে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এদিন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই অভিহিত করেন।
গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এত দিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ফলে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা দেখা দেয়। তবে সিইসি এদিন জানালেন তার দপ্তর থেকেই একটি সৌজন্য বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে যোগাযোাগ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তারপরও কিছু বিষয় আলোচনায় এসেছে।
প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি জানিয়েছেন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এ সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়নি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই দুই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।















