নাটোরে শরীরের মধ্যে হেরোইন লুকিয়ে পাচারের সময় ইব্রাহিম হোসেন নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল দুপুরে নাটোর র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নাটোর ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে র‍্যাবের একটি দল বাগাতিপাড়া উপজেলার বড়াল সেতু এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ইব্রাহিম হোসেন নামে এক যুবককে আটক করে তারা। এ সময় র‍্যাবের জিজ্ঞাসাবাদে কালো রঙের টেপে পেঁচিয়ে বিশেষ কায়দায় পায়ুপথে ৯৬ গ্রাম হেরোইন পাচার করার কথা স্বীকার করে মাদক ব্যবসায়ী ইব্রাহিম। পরে এক্স-রের মাধ্যমে হেরোইন শনাক্ত করা হয়। আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।