সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট)  হতে সরাসরি বা ভার্চুয়ালি (প্রয়োজন মতে যেটি সুবিধাজনক) চলবে। পাশাপাশি দপ্তর ও শাখাগুলোর কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হবে।

হাইকোর্ট বিভাগে কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে আজ বুধবার (৭ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও চেম্বার আদালত পরিচালনা বিষয়ে রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষর করা অপর এক বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম আপিল বিভাগের মামলা–সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দৈনিক চেম্বার কোর্টে সুবিধামতো সরাসরি বা ভার্চুয়ালি শুনানি গ্রহণ করবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম আজ ও কাল বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে। এর মধ্যে আজ দুপুরে বিচারিক কার্যক্রম পরিচালনা ও বন্ধের বিষয়ে পৃথক নতুন বিজ্ঞপ্তি এল।