পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘সীমান্তের ওপার থেকে পুশ-ইন অব্যাহত থাকার ঘটনায় বাংলাদেশ শিগগিরই ভারতকে আরেকটি নতুন ও বাস্তবসম্মত কূটনৈতিক নোট পাঠিয়ে নয়াদিল্লিকে এ ধরনের বিষয়গুলো সমাধানের জন্য নির্ধারিত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেবে।’ খবর বাসস।
আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা আজ অথবা আগামীকাল তাদের একটি নতুন চিঠি (কূটনৈতিক নোট) দেব। আমরা তাদের একটি বাস্তবসম্মত চিঠি দেব।’
চিঠির ভাষা নরম হবে নাকি প্রতিবাদমূলক নোট আকারে কড়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি কীভাবে দেখা হচ্ছে তার ওপর নির্ভর করে।’
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বিদ্যমান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।’
তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশী নাগরিক বলে দাবি করে কিছু ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে এবং বাংলাদেশ যাচাই-বাছাইয়ের পর তাদের মধ্যে কিছু লোককে গ্রহণ করেছে।
বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে হোসেন বলেন, ‘প্রতিটি বিষয় পৃথকভাবে পরীক্ষা করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশী জাতীয়তার প্রমাণ থাকলেই কেবল তাদের গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে পুশ-ইন করার ঘটনা ঘটছে।’
তৌহিদ হোসেন এ ধরনের বিষয়গুলোকে কাঠামোগত এবং আইনানুগভাবে মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত কনস্যুলার প্রক্রিয়া ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি আরো বলেন, ‘কনস্যুলার বিষয়গুলোর একটি প্রক্রিয়া রয়েছে এবং এ প্রক্রিয়া ব্যবহার করে ঢাকা এ বিষয়টিকে নির্ধারিত নিয়মের আওতায় আনার চেষ্টা করছে।’
অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।’















