রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় আরো দুইদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৫ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন ও ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪৬১ জন মিলে সর্বমোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বণিক বার্তাকে বলেন, ‘গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজ ও আগামীকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় বৃদ্ধি করা হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য সকল কার্যক্রম যথাসময়ে চলবে।’
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রদানের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। রাকসুর নির্বাচনের নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত রেখে সব সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে আজও বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়েও প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন তারা।















