রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধ করার জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাষ্ট্রপ্রধান পুলিশের প্রতিটি সদস্যকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করার তাগিদ দেন। এক্ষেত্রে নবনিযুক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
রাষ্ট্রপতি বলেন, ‘বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই কাজটি করতে হবে।’
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।










