কিশোর-কিশোরীর মধ্যে ঝগড়ার জেরে ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক মাতুব্বরের সঙ্গে গট্টি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আজিজ মোল্লার বিরোধ ছিল। শুক্রবার বিকালে রফিকের সমর্থক নুরুল ইসলামের ছেলের সঙ্গে আজিজের সমর্থক মুকুলের মেয়ের ঝগড়া হয়। এ নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে গতকাল সকাল ৭টার দিকে রফিকের বাড়ির সামনে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে আশপাশের আরো ১০টি গ্রামের মানুষ সংঘর্ষে জাড়ায়। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে নারী ও শিশুরা অন্যান্য গ্রামে গিয়ে আশ্রয় নেয়।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল জানান, পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।















