নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে সীমা বেগম (৫০) এক নারী ও তার ছেলে দগ্ধ হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মোল্লাপাড়া এলাকায় একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।৷
দগ্ধ সীমা বেগম ও তার ছেলে রোমান হোসেন (২৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘সীমা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি হাসপাতালের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন। তার ছেলের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে৷ তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।৷
সীমা বেগম তার ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে জানান তার ছোট বোন শাহেদা বেগম। তিনি বলেন, ‘গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমেছে রাতেই এমনটা টের পেয়েছিলেন আমার বোন কিন্তু বিষয়টাকে পাত্তা না দিয়ে বোন ও ভাগ্নে ঘুমিয়ে পড়ে৷ সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘর থেকে পুরো ঘরে।৷ এতে তারা দুজন দগ্ধ হন। পাশের ফ্ল্যাটের লোকজন তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।’
আগুনের বিষয়টি ভুক্তভোগী পরিবার বা স্থানীয় কেউ ফায়ার সার্ভিসকে জানায়নি বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ৷। তিনি বলেন, ‘আমরা অনেক পরে বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হবে।’










