ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ‘চ’ ইউনিটে পাস করেছেন মাত্র আড়াই শতাংশ শিক্ষার্থী। আর ‘ক’ ইউনিটে পাস করেছে মাত্র ১৩ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং ২১৪) আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ফল প্রকাশ করেন।
ক-ইউনিট
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এ অনুষদে মোট আসন সংখ্যা ১৭৯৫টি। এতে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৮৮ হাজার ৯৯৬ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮৫ হাজার ৮৭৯ জন। এতে এমসিকিউ-তে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯২৭ জন আর লিখিত পরীক্ষায় ১৪ হাজার ১৮১ জন। সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন শিক্ষার্থী।
পাসকৃত শিক্ষার্থীরা আগামী ২২ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আর উত্তীর্ণ কোটায় আবেদনকারীদের ২২ অক্টোবর হতে ২৯ অক্টোবর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে তা যথাযথ পূরণ করে জমা দিতে হবে।
পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষার জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২২ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
চ-ইউনিট
গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান)। অনুষদটির অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ সেপ্টেম্বর।
অনুষদটিতে মোট সিটের সংখ্যা ১৩৫টি। এতে ভর্তির জন্য আবেদন করে ১৬ হাজার ২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৩ হাজার ৭০৫ জন। সেখান থেকে অঙ্কন পরীক্ষার জন্য নির্বাচিত হন ১ হাজার ৫১১ জন, অংশ নেয় ১ হাজার ২০২ জন। সমন্বিতভাবে পাস করে ৩৪৩ জন শিক্ষার্থী।
পাসকৃত শিক্ষার্থীরা আগামী ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীরাও এই সময়ে ডিন অফিস থেকে নির্দিষ্ট কোটার ফরম সংগ্রহ করে তা যথাযথ পূরণ করে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২১ অক্টোবর হতে ২৭ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।










