বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খাদ্যে বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। কারণ অনেক দেশ হঠাৎ করে কোনো একটি পণ্যের রফতানি বন্ধ করে দেয়। আবার কোনো একটি পণ্যে ট্যারিফ আরোপ করে। এ কারণে খাদ্যে বিদেশনির্ভরতা কমাতে হবে।’

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনের ‘কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএজেএফের সাধারণ সম্পাদক আবু খালিদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিএজেএফ সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন।

প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘কৃষিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নতুবা দেশের উন্নয়ন ঘটবে না। মাছ ও মুরগি উৎপাদন আরো বাড়াতে হবে। হর্টিকালচারে আমাদের উৎপাদন বাড়াতে হবে। তবে হর্টিকালচারে আমরা চীনের সহায়তা নিতে পারি। বাংলাদেশকে এগিয়ে নিতে যত ধরনের পরামর্শ আছে সেগুলো দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা ব্যবসায়ীরা ব্যবসা করব, কেনাবেচার ক্ষেত্রে আমরা পরিমিত লাভ করব। আমরা যদি পরিমিত লাভ না করি তাহলে আপনারা (সাংবাদিক) ধরিয়ে দেবেন। এভাবেই সবার সহযোগিতায় দেশের কৃষি খাতকে আমরা এগিয়ে নিয়ে যাব।’