গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। গতকাল জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে মামলাটি করেন। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা মামলার বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির প্রমুখ।










