বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন দেশের প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গতকাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করে মহিলা দল। সভানেত্রী আফরোজা আব্বাস সভায় স্বাগত বক্তব্য দেন। পরে সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়।
গণতন্ত্রকামী জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা নারী-পুরুষ-শিশু, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ গড়ি। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি।’
তিনি বলেন, ‘দেশকে পরিবার হিসেবে চিন্তা করলে এ সংখ্যা প্রায় চার কোটি। এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে।’










