জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকার কিছু এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এজন্য আগামীকাল বেলা ১টা থেকে রাত ২টা পর্যন্ত গ্যাস পাবেন না গ্রাহকেরা।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল বৃহস্পতিবার কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (আরপিজিসিএল) অফিস, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলার বিমানবন্দর ক্যাটারিং হাউস, সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারসহ সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় জোয়ার সাহারা, নিকুঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।










