প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা খুলনার নতুন রেলস্টেশন নিয়ে ক্ষোভ ছিল জেলার মানুষের।
বিশেষ করে ট্রেন থেকে প্লাটফর্ম আড়াই ফুটেরও বেশি নিচু হওয়ায় ওঠানামা করতে দুর্ভোগের শিকার হতো বৃদ্ধ, নারী ও শিশুরা।
নির্মাণকাজ চলাকালে এ নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়।
তবে ওই সময় ত্রুটি সারানো হয়নি।
বরং তড়িঘড়ি কাজ শেষ করে ২০১৮ সালের ২৫ নভেম্বর ত্রুটি নিয়েই চালু হয়ে যায় নতুন স্টেশন।
তিন বছর ধরে নতুন রেলস্টেশনে দুর্ভোগ নিয়েই যাতায়াত করেছে যাত্রীরা।
এখন সেই ত্রুটি সারানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
উঁচু করা হচ্ছে ছয়টি প্লাটফর্ম।
প্রায় সাড়ে ৪ কোটি টাকা খরচ করে রেলপথ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
তবে খুলনার নাগরিক নেতারা বলছেন, নির্মাণকাজ চলাকালে ত্রুটি সংশোধন করা হলে এ টাকা গচ্চা যেত না।
সরেজমিনে খুলনা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ১, ২, ৫ ও ৬ নম্বর প্লাটফর্ম উঁচু করার কাজ চলছে।
ইট গেঁথে বালি ফেলা হয়েছে।
এখন রড বেঁধে ঢালাই দেয়া বাকি।
তবে ৩ ও ৪ নম্বর প্লাটফর্মে কাজ এখনো শুরু হয়নি।
রেলওয়ের প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, স্টেশনের ছয়টি প্লাটফর্মই ২ ফুট ১১ ইঞ্চি উঁচু করা হচ্ছে।
এতে রেলের মেঝে ও প্লাটফর্ম সমান হবে।
এজন্য চলতি বছরের এপ্রিল তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়।
এতে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
রেলওয়ের সহকারী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক জানান, আধুনিক রেলস্টেশন নির্মাণের সময় পরার্মশক প্রতিষ্ঠানের দেয়া নকশা অনুযায়ীই করা হয়েছিল।
সেখানে কোনো ত্রুটি ছিল না।
তবে বর্তমানে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্লাটফর্ম উঁচু করা হচ্ছে।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা মেইনটেন্যান্সের কাজের আওতায় প্লাটফর্ম উঁচুকরণের কাজ হাতে নিয়েছি। ছয়টি প্লাটফর্মের মধ্যে চারটির কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ বাকি কাজ শেষ হবে।
খুলনা স্টেশনের উপসহকারী প্রকৌশলী চাঁদ আহমেদ বলেন, বগিগুলোর কোচ একেক দেশের হওয়ায় উঁচু-নিচু ছিল।
প্লাটফর্মের বিষয়ে নতুন করে রেলওয়ের পক্ষ থেকে কমিটি করা হয়।
কমিটি প্লাটফর্মগুলো উঁচু করার সিদ্ধান্ত নেয়।
সেই অনুযায়ী খুলনা স্টেশন উঁচু করার উদ্যোগ নেয়া হয়।
ঝিকরগাছায়ও স্টেশন উঁচু করা হয়েছে, যশোর ও চুয়াডাঙ্গায় করা হবে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, খুলনা রেলস্টেশন আধুনিক হলেও সেবার মানে ঘাটতি রয়েছে। নতুন স্টেশন নির্মাণের সময় আমরা প্লাটফর্ম উঁচু করার দাবি জানাই। তখন আমাদের দাবি না মেনে যেনতেনভাবেই কাজ শেষ করেন ঠিকাদার।
তিনি আরো বলেন, প্লাটফর্ম নিচু থাকায় শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ ও রোগীদের জন্য উঠতে অসুবিধা হতো।
মালামাল ওঠানো-নামানো কঠিন ছিল।
প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এ স্টেশনে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
সে সময় যদি প্লাটফর্ম উঁচু করত তাহলে এ অতিরিক্ত সাড়ে ৪ কোটি টাকা টাকা গচ্চা যেত না।
প্রসঙ্গত, খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের এপ্রিলে আধুনিক রেলস্টেশন নির্মাণ শুরু হয়। দেড় বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও দুই দফা সময় বাড়ানো হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হয়।










