নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে খুন হয়েছেন এনজিও কর্মকর্তা মো. সাজেদুর রহমান (৩৬)। 

আজ রোববার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্রাইম সিনের সদস্যরা বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

ঘটনার পরপরই বাড়ির লোকজন পালিয়ে গেছে। নিহত সাজেদুর রহমান টাঙ্গাইল জেলার সদর উপজেলার মীরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে হান্নানের স্ত্রী শারমিন আক্তার ব্যুরো বাংলাদেশ নামের একটি এনজিওর বারদী শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা কিস্তি দিতেন শারমিন। ওই বাড়িতে আরো কয়েকজন গ্রাহক রয়েছে। আজ দুপুরে কিস্তির টাকা আদায় করতে যান এনজিওটির প্রোগ্রাম অর্গানাইজার মো. সাজেদুর রহমান। ঋণগ্রহীতা শারমিনের ঘরেই গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। 

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম ও পরিদর্শক তদন্ত শরীফ আহমেদ ঘটনাস্থলে গিয়ে ক্রাইমসিনের সদস্যদের খবর দিলে বিকালে তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।

ব্যুরো বাংলাদেশের বারদী শাখার হিসাব রক্ষক মামুন অর রশিদ বলেন, সাজেদুর রহমান বেলা ১২টার দিকে একটি কেন্দ্রের টাকা উত্তোলন করে অফিসে জমা দিয়ে দুপুর সোয়া ১টায় ওই কেন্দ্রের টাকা তুলতে যান। সেখানে তিনি খুন হন। 

মামুন বলেন, গ্রাহকরা নিয়মিতই কিস্তি পরিশোধ করছেন। সাজেদুরের কাছেও কোনো টাকা ছিল না। কেন এ হত্যাকাণ্ড এটি তদন্তের দাবি করছি।

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।