নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ৯ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে আমিরগঞ্জ রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় সিয়াম মিয়ার (১৪) মৃত্যু হয়।

আজ দুপুর ১২টার দিকে রেললাইনের ওপর বসে অপর বন্ধুদের সঙ্গে সিয়াম গল্পগুজব করার সময় হঠাৎ ট্রেনটি দ্রুতগতিতে এসে পড়ে। এ সময় বন্ধুরা দৌড়ে প্রাণ রক্ষা করতে পারলেও সিয়াম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মৃত সিয়াম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের জসিম উদ্দিনের পুত্র ও স্থানীয় স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। তার মরদেহ স্থানীয় লোকজনের সহায়তায় তাদের বাড়িতে নিয়ে পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।