বিচারবিভাগের ফ্যাসিবাদ বিলোপের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার (৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ দাবির কথা জানান।

বার্তায় বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বিচারবিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিরা বিচরণ করছেন। অভ্যুত্থানের আগে আদালতে আমাদের সঙ্গে টালবাহানা করা হতো, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান। 

আসিফ বলেন, আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের ওইসব পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করব, (৮ আগস্ট) সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিচারবিভাগকে স্বাধীন ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পলিসি বাস্তবায়ন করারও আহ্বান জানান আসিফ। পাশাপাশি দেশের সকল পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগী ও সহযোগীদের স্বেচ্ছায় পদত্যাগেরও আহ্বান জানান তিনি।