খুলনায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য মাহমুদ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাহমুদ আলমের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। তার স্ত্রী যোহানা আক্তার ঊষার বাড়ি পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামে।

মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন বলেন, চাকরি সূত্রে খুলনার ফুলতলা উপজেলার যোগিপোল ইউনিয়নের এক বাড়িতে ভাড়া থাকতেন ঊষা ও তার স্বামী মাহমুদ আলম। ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরের দিকে ওই বাড়ি থেকে ঊষার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে ঊষাকে শ্বাসরোধ করে হত্যা করেন মাহমুদ।

লিটন বলেন, এ ঘটনায় নিহত ঊষার ভাই জিএম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।