দেশে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনীপ্রধানরা সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) সাক্ষাৎ করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট চলছে। হামলায় নিহত হয়েছেন অনেকে। রক্ষা পায়নি পুলিশ সদস্যরাও। হামলা হয়েছে থানায় থানায়। নিহত হয়েছেন অনেক বাহিনীটির অনেক সদস্য। এরপর ধারাবাহিকভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণডাকাতির মতো ঘটনাও ঘটেছে। লুটপাট হামলার এসব ঘটনায় জনজীবনে বিরাজ করছে অস্বস্তিকর একটা পরিস্থিতি।