পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

একই সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিসুর রহমানও পদত্যাগ করবেন বলে জানানো হয়।

সিইসি জানান, তারা পদত্যাগের বিষয়ে মনস্থির করেছেন। মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার জন্য নির্বাচন কমিশন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।  ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কমিশনাররা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য কার্যভার গ্রহণ করে।