বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ নিয়োগের কথা জানানো হয়। এসএমএ ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এসএমএ ফায়েজের মেয়াদ হবে চার বছরের। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।

ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে গত মাসে পদত্যাগ করেন। এরপর গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল।