ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য চেয়ে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে নিয়োগপকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আসনভিত্তিক সংখ্যাগত তথ্য আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে জরুরি ভিত্তিতে ইসিতে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।