জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবদুল হামিদ বলেন, ব্যক্তিস্বার্থে নয়, সারাজীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে। রাষ্ট্রপতি বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে।
সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।












