কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশী অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট দুপুর ১২টায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ সমন্বয়ে মহেশখালী উপজেলার কুতুবজুম তাজিয়াকাটা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি করে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশী অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, এসব নিষিদ্ধ জাল সাগরে মাছের জাত ও বংশ নিমিষেই শেষ করে দিতে পারে। এসব কারেন্ট জালের কারণে মাছশূন্য হচ্ছে বঙ্গোপসাগর। এসব জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনী হস্তক্ষেপ জরুরি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।