বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আগ্রহ প্রকাশ করেছে জাপান। রোববার (২ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ বার্তা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বরাবরই সমর্থন জুগিয়ে এসেছে। বাংলাদেশকে সমর্থন এবং আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি জানাতেই আমার এই সফর।

প্রধান উপদেষ্টা জাপানকে ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, এ ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এটি একটি নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত সুবর্ণ সুযোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী, যারা বহু বছর ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তিনি প্রধান উপদেষ্টাকে এ বছরের ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া ইভেন্টে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানান। এছাড়াও, তিনি ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কারপ্রাপ্ত ইউনূসকে মে মাসে ওসাকা এক্সপো ২০২৫-এ অংশ নেয়ারও আমন্ত্রণ জানান। এক্সপোর আয়োজকরা ১১ মে বাংলাদেশ দিবস হিসেবে পালন করবে জানিয়ে জাপানের উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য উৎসাহব্যঞ্জক হবে।