চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেছেন, নগরের নালা-নর্দমা পরিষ্কার রাখা সিডিএর মূল দায়িত্ব নয়। সিডিএর প্রধান দায়িত্ব হলো নগরীর অবকাঠামোগত উন্নয়ন। তবে জলাবদ্ধতা নিরসনে সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

চট্টগ্রামে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্ট হয়েছে। এসব এলাকা ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে আজ এসব কথা বলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সিডিএর প্রকৌশলীরা।

সিডিএ চেয়ারম্যান বলেন, নালা-নর্দমা পরিষ্কার করা আমাদের কাজ নয়। আমাদের কাজ অবকাঠামো উন্নয়ন করা। বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে সিটি করপোরেশনের পরিবর্তে এই দায়িত্ব সিডিএকে দেয়া হয়েছিল। কিন্তু এ ধরনের কাজ পরিচালনার জন্য আমাদের প্রয়োজনীয় জনবল নেই। সে কারণে সেনাবাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পরও অনেক এলাকায় দ্রুত পানি নেমে যাচ্ছে। সিডিএর আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আরো পাঁচটি খালের কাজ ৯৮ শতাংশ এবং হিজরা খালের কাজ ৬৮ শতাংশ অগ্রগতি অর্জন করেছে।

জলাবদ্ধতা নিরসনে ৩৯টি রেগুলেটরের গুরুত্ব প্রসঙ্গে বেলায়েত হোসেন বলেন, সব রেগুলেটর বর্তমানে সচল নেই। আজ বিকাল থেকেই সেনাবাহিনী এসব রেগুলেটরের দায়িত্ব গ্রহণ করবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে রেগুলেটর কিংবা পাম্প অচল থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ড্রেনে পলিথিন, আসবাবপত্র ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। তাই নাগরিকদের আরো দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরো বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ ও সেনাবাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।