মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের পাহাড়ে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। এর ভিত্তিতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানায় থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন প্রভৃতি প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিকদের সেখানে জড়ো করেছিল পাচারকারীরা। পরিকল্পনা ছিল, সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটে করে তাদের মালয়েশিয়ায় পাচার করা হবে। সেইসঙ্গে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগও করেন তারা।

সিয়াম-উল-হক আরো জানান, অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলছে।