নাটোরের চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় আনতে সংশ্লিষ্ট অংশীজন, সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ। সভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব খান মো. নুরুল আমীন।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাথী’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক, অ্যাডভোকেট আবদুল ওহাব ও চলনবিল আন্দোলন কমিটির সদস্য সচিব মীজানুর রহমান।

সভায় বক্তারা চলনবিল কর্তৃপক্ষ গঠন, চলনবিল দিবস নির্ধারণ, চাচকৈড় নদীবন্দরের উন্নয়ন, চলনবিলে গ্যাস ও ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি জরিপ, বায়োটেকনোলজি, রোবোটিকস ও অ্যাকুয়াকালচার ইউনিভার্সিটি স্থাপনসহ বিভিন্ন প্রস্তাব চলনবিল উন্নয়নসংক্রান্ত ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির প্রস্তাব দেন।