নাটোর শহরের কাপুড়িয়াপট্টিতে জলাশয় আইন অমান্য করে পুকুর ভরাট করায় সাতদিনের মধ্যে আগের রূপে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দিয়েছেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার রনি খাতুন খবর পেয়ে শহরের কাপুড়িয়াপট্টিতে যান। এ সময় তিনি জলাশয় আইন ভঙ্গ করে পুকুর ভরাট দেখে বিস্ময় প্রকাশ করেন। পরে পুকুরের মালিক মফিউর রহমান দুদুকে সাতদিনের মধ্যে পুনরায় পুকুররূপে ফিরিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন। এছাড়া ভরাট করা বালি জব্দ করেন।

সহকারী কমিশনার রনি খাতুন বলেন, জলাশয় আইন ২০০০-এর ৫ ধারায় কোনো ব্যক্তি পুকুর ভরাট করতে পারবে না। কিন্তু সে আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করেছেন মফিউর রহমান। এ কারণে তাকে পুনরায় পুকুররূপে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।