মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি’র গুলিতে বদরুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিজিবির দাবি, নিহত বদরুল ভারতীয় বিড়ি পাচার করছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মনু নদীর পার্শ্ববর্তী শুকনাভী চর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ২ লাখ পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত বদরুল হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আত্তর আলীর ছেলে।
বিজিবি'র আলীনগর ক্যাম্পের কমাণ্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের জানান, ভারত থেকে চোরাকারবারীরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে ছিল। চোরাকারবারীরা নৌকা যোগে বিড়ি নিয়ে ঘটনাস্থলে এসে নৌকা থেকে বিড়ি নামাচ্ছিল।
তিনি বলেন, এসময় বিজিবি বাঁশি বাজালে তারা বিড়ি রেখে পালিয়ে যায়। পরে বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র দিয়ে বিজিবির ওপর হামলা করে বিড়িগুলো নিতে চায়। এমনকি ৫০ হাজার পিস বিড়ি নিয়ে যায়। আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড গুলি করে। এ সময় চোরাকারবারী দলের একজনের মৃত্যু হয়।
কুলাউড়া থানার এস আই মাসুদ আলম ভুইয়া জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










