নারায়ণগঞ্জের সোনারগাঁয় শুরু হয়েছে মাসব্যাপী বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। গতকাল বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী ৩৩তম লোকজ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

সংস্কৃতিবিষয়ক সচিব মো. খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার জানান, হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য পুনরুদ্ধার করে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাসব্যাপী এ মেলার আয়োজন। 

সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্থিক সহায়তায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে যে ফাউন্ডেশনের যাত্রা সেই ফাউন্ডেশনকে আরো এগিয়ে নিতে কাজ করবেন তারা।

ফাউন্ডেশন সূত্র জানায়, এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল বরাদ্দ করা হয়েছে। ১৭টি জেলার কারুশিল্পীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সোনারগাঁয়ের কারুশিল্পের কারুকাজ, হাতি-ঘোড়া, মমি পুতুল, জামালপুরের তামা-কাঁসা-পিতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের বাহারি জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প, ঢাকার কাগজের শিল্প, রাজশাহীর মৃৎশিল্প, শখের হাঁড়ি, বাটিক শিল্প, খাদি শিল্প, মণিপুরি তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি শিল্প, টাঙ্গাইলের বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেত শিল্প, চাঁপাইনবাবগঞ্জের সুজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, ঠাকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, মাগুরা ও ঝিনাইদহের শোলা শিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার শিল্প, নাগরদোলা, বায়োস্কোপ ও মিঠাই-মণ্ডার পসরা থাকবে স্টলগুলোতে।