গাইবান্ধার গোবিন্দগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক সড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক হাফেজ জোনায়েত নিহত হয়েছেন ।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খলসি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ জোনায়েত গোবিন্দগঞ্জ সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুর ছেলে। তিনি চকরহিমাপুর নূরানী মাদ্রাসায় চাকরি করতেন।

স্থানীয়রা আহত অবস্থায় জোনায়েতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের ইচ্ছায় যথানিয়মে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।