খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে সাবেক স্ত্রী পারভীন বেগম হত্যা মামলায় দ্বিতীয় স্বামী লিটন মোল্লাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালতের এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান ও শাম্মী আকতার জানান, লিটন মোল্লা নিহত পারভীন বেগমের দ্বিতীয় স্বামী ছিলেন। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। ২০২১ সালের ১৫ জুন লিটন মোল্লা পারভীনকে ছুরিকাঘাত ও মাথায় কাঠ দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় পারভীন বেগমের আগের পক্ষের বড় মেয়ে নূরজাহান বাদী হয়ে মামলা করেন।

ওই বছরের ৩০ আগস্ট ডুমুরিয়া থানার এসআই মো. হামিদুল ইসলাম লিটন মোল্লাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। লিটন মোল্লা গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, পারভীন তার আগের স্বামীর সঙ্গে যোগাযোগ শুরু করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে পারভীন তাকে তালাক দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন।