দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রওশন জামিলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আরো ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রওশন জামিল হিলির ধাওয়া নশিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বাকি ১০ জন হিলির বিভিন্ন এলাকার বাসিন্দা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিয়া জানান, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিকালের দিকে বিক্ষুব্ধ জনতা পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিন রাতেই মেয়রের ওই বাড়ি থেকে আসাদুজ্জামান নূর সূর্য ও নাইম ইসলাম নামের দুই জনের দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহত সূর্যের ভাই সুজন বাদী হয়ে ২৩ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরো ১ শ’ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে রওশনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আরো ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।