বিপুল পরিমাণ নগদ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনা সাজানো নাটক বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সেইসঙ্গে এ ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচারের দাবি জানান তিনি।

বুধবার দুপুর পৌনে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের আগে জামায়াতে ইসলামী নেতাদের প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এ নাটক সাজানো হয়েছে। বেলাল উদ্দিন প্রধান নিজের ব্যবসার টাকা বহন করছিলেন। দেশে পরিবহন চলাচল সীমিত হওয়ায় তিনি বিমান বেছে নিয়েছেন। তিনি তার টাকা কিভাবে বহন করবেন এটি সম্পন্ন ব্যক্তিগত বিষয়। এছাড়া হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক কাউন্টারের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র দেন এবং আমাদের এ দায়িত্বশীল সেভাবে বিমানে সৈয়দপুর গিয়েছেন। সেখানে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর যুক্ত কিছু সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ নাটক সাজিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা বলেছি এ ঘটনার সঙ্গে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনতে হবে এবং বেলাল উদ্দিন দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছি।

তিনি আরো বলেন, একটি দল জামায়াতের জনপ্রিয়তা দেখে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। প্রশাসনের একটি অংশ এর সঙ্গে জড়িত।