‘মুজিববর্ষের অঙ্গীকার চা শিল্পের প্রসার’ এই শ্লোগানকে ধারণ করে নানা কর্মসুচির মধ্য দিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো জাতীয় চা দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো- আলোচনা সভা, শোভাযাত্রা, চা ও চা সামগ্রী প্রদর্শনী ইত্যাদি।
শুক্রবার সকালে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের উদ্যোগে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চা গবেষণা কেন্দ্রের ক্যাম্পাস ও আশপাশের এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে চা গবেষণা কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট অঞ্চলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী। চা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী।
আলোচনা সভা শেষে চা গবেষণা কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশে আবিষ্কৃত ২৩ জাতের চায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১৯৫৭ সালের ৪ জুন বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। বাংলাদেশ চা শিল্পকে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই দিনকে স্মরণ করে মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে দিনটিকে ‘জাতীয় চা দিবস’ ঘোষণা করে সরকার। তারই অংশ হিসেবে আজ প্রথমবারের মত উদযাপিত হচ্ছে জাতীয় চা দিবস।










