নাটোর সদর উপজেলার করোটা এলাকায় বাড়িতে ঢুকে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরেক ডাকাত। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার করোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার করোটা গ্রামে খাদ্য বিভাগের কর্মচারী আবু হানিফের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চার ডাকাত। অস্ত্রের মুখে তারা পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন এসে হাসেম (৪০) ও আব্দুল হান্নান (৩৩) নামে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে হাসেমের মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় আবু হানিফের ছেলে রনি বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা করেছেন। পরে আহত ডাকাত আব্দুল হান্নানকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে। নিহত ও আহত দুই ডাকাতের বাড়ি নাটোর সদর উপজেলার গুনারীগ্রামে। তাদের বিরুদ্ধ একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।