নারায়ণগঞ্জের বন্দরে ভাড়াটিয়া মো. ফয়েজ খুনের মামলায় গ্রেফতারকৃত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি মহিউদ্দিনকে তিনদিন, শিরিনকে তিনদিন ও কুলসুমকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বিকালে আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে তোলে পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহামেদ হুমায়ূন কবীরের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

গত শুক্রবার উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ীর উম্মে কুলসুমের বাড়িতে মো. ফয়েজকে পিটিয়ে হত্যা করা হয়। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ এএসআই তাহামিনা বলেন, গ্রেফতারকৃত আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে বিজ্ঞ আদালত আসামিদের এ রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, উম্মে কুলসুমের বাড়িতে স্ত্রী ও সন্তানসহ ভাড়া থাকতেন ফয়েজ। করোনা মহামারীতে কোথাও কাজ করতে না পারায় বাড়ি ভাড়া ঠিকমতো পরিশোধ করতে পারছিলেন না তিনি। এতে কয়েক মাসের ভাড়া বকেয়া পড়ে। বকেয়া ভাড়া দ্রুত পরিশোধ করার জন্য তাকে চাপ দেন মালিক। এ নিয়ে বাকিবতণ্ডার জেরে শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির মালিক উম্মে কুলসুম আরেক ভাড়াটিয়া মহিউদ্দিন ও তার স্ত্রী শিরিনাকে নিয়ে ফয়েজকে মারধর করলে তিনি মারা যান।