নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন।

নিহতরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার মৃত জগেশ চন্দ্র দাশের ছেলে চিন্তা চন্দ্র দাশ (৬০) এবং একই এলাকার জ্যোতিষ চন্দ্র দাশের ছেলে রামপ্রদ চন্দ্র দাশ (৪০)। তারা দুজনই মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, মাছ কেনার উদ্দেশ্যে একটি পিকআপে কুমিল্লা থেকে পাঁচ-ছয়জন যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে পিকআপটি সিদ্ধিরগঞ্জের কুয়েত প্লাজার সামনে পৌঁছলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে পিকআপটি ধুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ী মারা যান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেক মাছ ব্যবসায়ী মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক টিআই একেএম শরফুদ্দিন জানান, আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পিকআপ ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে গেছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।